নিউজ স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সিরিজের আগে নিজেদের চাঙা করতে বিশ্রামে রয়েছেন লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনিরা। তবে বিশ্রামে থেকেও পুরোপুরি বিশ্রামে নেই দলের সবচেয়ে বেশি ফিটনেস সচেতন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
দলের অন্যরা যখন ক্লান্তিকর এশিয়া কাপ মিশন শেষে নিজেদের সতেজ করতে সময় কাটাচ্ছে বিশ্রামে, তখন শেরে বাংলায় একাই নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন মুশি।
পুরো এশিয়া কাপটাই পাঁজরের ব্যথা নিয়ে খেলেছেন দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের ক্রিকেট মহলে শোনা যাচ্ছিলো হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ‘কম গুরুত্বপূর্ণ’ সিরিজে পরিপূর্ণ বিশ্রামেই রাখা হবে দেশ সেরা এই ব্যাটসম্যানকে।
জিম্বাবুয়ে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৫ই অক্টোবর থেকে। এর প্রায় সপ্তাহখানেক আগে থেকেই নিজেকে তৈরি করছেন মুশফিক। কারণ তার মতো দেশের সবাই-ই জানেন জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের কেউ থাকবেন না, সেখানে ব্যাটিংয়ের গুরু দায়িত্বটা থাকবে এই ব্যাটসম্যানের কাঁধেই।
অন্য দিকে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাওয়া ব্যথার কারণে জিম্বাবুয়ে সিরিজে তামিমের না থাকা নিশ্চিত। ফিরলেও ফিরতে পারেন প্রথম টেস্টের পরে। তবুও নিজের ফিটনেস ধরে রাখতে চেষ্টার কমতি নেই দেশসেরা এই ওপেনার ব্যাটসম্যানের। তপ্ত রোদে যেখানে ব্যান্ডেজে মোড়ানো হাতে বিশ্রামে থাকতে পারতেন, সেখানে ঘাম ঝরাচ্ছেন শেরে বাংলার জিম ও সবুজ মাঠে।
জাতীয় দলের সিনিয়র এবং অন্যতম গুরুত্বপূর্ণ এ দুই ক্রিকেটারের এমন বাড়তি সচেতনতা এবং ফিটনেস ধরে রাখার যে চেষ্টা সেটি নিশ্চিতভাবেই উদ্বুদ্ধ করবে দলের বাকি খেলোয়াড়দের। আর বর্তমান সময়ের ক্রিকেটে টিকে থাকতে হলে, ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি যথাযথ ফিটনেসের কোনো বিকল্প নেই।
আরও পড়ুনঃ জাতীয় দলে নতুন মুখ হার্ড হিটার ওপেনার মিজানুর রহমান!
আর-পি-টি/এন-এস-২৪
The post বিশ্রামের কথা না ভেবে, ফিটনেস ধরে রাখতে অনুশীলনে তামিম-মুশফিক! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2yqmphd