ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করলেন পাকিস্তানি দানিশ কানেরিয়া!

নিউজ স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানী ক্রিকেটার মানেই কি ম্যাচ ফিক্সিং?  এ দায়টা তাদের দিকেই বেশী যায়। তার সর্বশেষ উদাহারণ হল লেগস্পিনার দানিশ কানেরিয়া। স্বীকার করে নিলেন তার স্পট ফিক্সিংয়ের কথা।

২০১২ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে আজীবনের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া। সে ঘটনার ছয় বছর পেরিয়ে যাওয়ার পরে ফিক্সিংয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী এ লেগস্পিনার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ‘আমার নাম দানিশ কানেরিয়া এবং আমি স্বজ্ঞানে এটি স্বীকার করছি যে ২০১২ সালে আমার ওপরে ইংলিশ ক্রিকেট বোর্ডের আনা অভিযোগটি সত্য ছিল। এই দায় স্বীকার করতে আমার অনেক সাহস জমাতে হয়েছে। কারণ কেউই মিথ্যে নিয়ে জীবন অতিবাহিত করতে পারে না।’

আনু ভাটের সাথে কানেরিয়ার ঘনিষ্ঠতা বাড়তে দেখেই তাকে সতর্ক করে দিয়েছিলে আইসিসির এন্টি করাপশন ইউনিট। সে সতর্কতার তোয়াক্কা না করে ভাটের সাথে যোগাযোগ বজায় রাখেন কানেরিয়া। এ ব্যাপারে কানেরিয়া বলেন, ‘এ ব্যাপারটি আমাকে অনেক পীড়া দেয় এখন। আমি কখনোই ইসিবি বা আইসিসির কাছে অভিযোগ করিনি সে ব্যক্তির ব্যাপারে। তাদের জানতেও দেইনি যে ভাট ইংল্যান্ডেও এসে উপস্থিত হয়েছে।’

কানেরিয়া আরও বলেন, ‘আমি আমার এসেক্স সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ড, আমার এসেক্স ক্রিকেট ক্লাব ও এসেক্সে আমার ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমি পাকিস্তানের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। ইসিবি ও আইসিসি যদি আমাকে দ্বিতীয় সুযোগ দেয় তাহলে আমি তরুণ ক্রিকেটারদের এ অন্ধকার জীবন থেকে দূরে থাকার ব্যাপারে শিক্ষা দিতে পারি। তারা যেনো আমার মত শেষ না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করতে পারি।’

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলেছেন কানেরিয়া। মাত্র ৩৪.৭৯ গড়ে তার ঝুলিতে রয়েছে ২৬১টি উইকেট। এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষে সেরা স্পিনার তিনিই।

আরও পড়ুনঃ আব্বাসের বিপক্ষে খেললে এখন নিশ্চিতভাবেই প্যান্ট ভিজিয়ে ফেলতেন ভন! 

এম-আর/এন-এস-২৪  

The post ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করলেন পাকিস্তানি দানিশ কানেরিয়া! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2RXzEij