ড্র-ই হল দুবাই টেস্টের পরিণতি

শেষদিনে রোমাঞ্চের জন্ম দিয়েও দুবাই টেস্টের পরিণতি হয়েছে ড্র। এতে দারুণ এক জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে স্বাগতিক পাকিস্তানের। দীনের শেষভাগে অধিনায়ক টিম পেইনের দৃঢ়তা অস্ট্রেলিয়াকে বাঁচিয়েছে পরাজয়ের হাত থেকে।

ড্র-ই হল দুবাই টেস্টের পরিণতি

৪৬২ রানের ‘অসম্ভব’ লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমেছিল। পাকিস্তানের বোলিং আক্রমণকে সামলে ৭ উইকেট হাতে রেখে শেষদিনের সব সেশন নির্বিঘ্নে কাটানো সহজ বিষয় ছিল না। তবে দলটির নাম অস্ট্রেলিয়া বলেই জয়হীন থেকে মাঠ ছাড়ার ‘ভয়’ ছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

৮৭ রানে ৩ উইকেটের পতন ঘটার পর প্রতিরোধ গড়ে তোলা উসমান খাজা ও ট্রাভিস হেড নতুন দিনের শুরুতেও দলকে এনে দিয়েছিলেন স্বস্তি। চতুর্থ উইকেটে ১৩২ রানের জুটি ভাঙে হেড সাজঘরে ফিরলে। তার আগে ১৭৫ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন, যা দলের পক্ষে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। হেডের বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি মারনাস লাবুশেন। তবে পেইনকে সাথে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলেন খাজা।

ষষ্ঠ উইকেটে খাজা ও পেইন গড়েন আরেকটি দৃঢ় পার্টনারশিপ। এই জুটি সহজেই ম্যাচ বাঁচানোর ইঙ্গিত দিচ্ছিল। তবে ৩০১ বলে ১৪১ রান করা খাজা নিজের মোকাবেলা করা ১৪২তম বলে ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর দ্রুত মিচেল স্টার্ক ও পিটার সিডেল সাজঘরে ফিরলে পরাজয়ের শঙ্কা ঘিরে ধরে অস্ট্রেলিয়াকে।

তবে দিনের শেষ সেশনের নাটকীয়তাকে নিজের বিপক্ষে যেতে দেননি পেইন, তাকে সঙ্গ দিয়েছেন নাথান লায়ন। ধীর এক ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন লায়ন। ১৯৪ বলে ৬১ রান অপরাজিত থাকেন পেইন। দুটি উইকেট তুলে নিতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন পাকিস্তানের ক্রিকেটাররা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ৪৮২ ও ১৮১/৬ (ডি.)

অস্ট্রেলিয়া ২০২ ও ৩৬২/৮

ম্যাচ সেরা- উসমান খাজা (অস্ট্রেলিয়া)

আরও পড়ুন: রাব্বি-সাইফউদ্দিনকে দলে রাখার কারণ ব্যাখ্যা নান্নুর

The post ড্র-ই হল দুবাই টেস্টের পরিণতি appeared first on বিডিক্রিকটাইম.



from বিডিক্রিকটাইম https://ift.tt/2yvIVFr