‘বারবার আসা’র অভিজ্ঞতাই মাসাকাদজার হাতিয়ার

বাংলাদেশ জিম্বাবুয়ের চেনা প্রতিপক্ষ। শুধু চেনা বললে ভুল হয়, বেশ ভালো করেই চেনা।

মিরপুরের শতকে রোমাঞ্চিত মাসাকাদজাও

সেই বন্ধুসুলভ টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে। বাংলাদেশে পা রাখার পর দলটি শুরু করেছে অনুশীলনও। এরই ফাঁকে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা জানিয়েছেন, বারবার বাংলাদশে এসে যে অভিজ্ঞতা হয়েছে দলটির, সেটিই তাদের মানসিকভাবে শক্ত রাখার হাতিয়ার হিসেবে কাজে লাগবে।

নিজেদের মাটিতে বাংলাদেশ যে রীতিমত অপ্রতিরোধ্য, এ নিয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের নেই কোনো দ্বিধা। তাই তো বুধবার (১৭ অক্টোবর) সেটি স্বীকার করলেন অকপটে। তবে সবচেয়ে বেশিবার বাংলাদেশ সফরে আসা দল হিসেবে পাওয়া সুবিধাটুকু কাজে লাগাতে চান মাসাকাদজা। সাংবাদিকদের তিনি বলেন-

‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। তারা গত কয়েক বছরে সেটার প্রমাণ রেখে আসছে। এখানে এসে খেলা সবসময়ই কঠিন। আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি, বাকি দেশগুলোর তুলনায়। সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভালো অবস্থানে আছি।’

আর এ কারণেই ৩৫ বছর বয়সী ক্রিকেটারের ধারণা, আসন্ন ওয়ানডে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে।

জিম্বাবুয়ের এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছেন। সেখান থেকে লব্ধ অভিজ্ঞতাও স্বাগতিকদের বিপক্ষে ভালো করতে প্রভাব রাখবে বলে বিশ্বাস মাসাকাদজার, ‘কিছু ক্রিকেটার এখানে খেলেছে। এটা সবসময় সাহায্য করে। কারণ ছেলেরা এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা রাখে। তারা জানে কীভাবে এখানে কাজ করতে হয়। আমার মনে হয় আমাদের দলের ৫-৬ জন ক্রিকেটার এখানে খেলেছে। আর অনেকে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। কন্ডিশনের জ্ঞান ও এখানে খেলার অভিজ্ঞতা অবশ্যই দলকে সাহায্য করবে।’

বাংলাদেশের বিপক্ষে সফরকারী হিসেবে জয়ের সামর্থ্য নিজেদের আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের ভালো করার মতো প্লেয়ার আছে। আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারও আছে। হআমি মনে করি এখানে ম্যাচ জেতার মতো দল আমাদের রয়েছে।’

আরও পড়ুন: তাসকিন-নাঈমের পাঁচ, জাকির-রাজিনের অর্ধশতক

The post ‘বারবার আসা’র অভিজ্ঞতাই মাসাকাদজার হাতিয়ার appeared first on বিডিক্রিকটাইম.



from বিডিক্রিকটাইম https://ift.tt/2ykcdrm