মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে সমতায়। এবার সৌম্য সরকারের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে সৌম্যরা। 
ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন মুমিনুল হক এবং ফজলে রাব্বি। টি-টোয়েন্টি সিরিজে সৌম্য সরকারের সাথে টপ অর্ডারে দেখা যেতে পারে ফজলে রাব্বিকে। সুযোগ পেতে পারেন আফিফ হোসেন ধ্রুব এবং জাকির হাসান।
উইন্ডিজ সফরে ব্যাট হাতে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। ওপেনিং কিংবা তিন নম্বর- কোনো জায়গাতেই রান পাননি সৌম্য। ‘এ’ দলের হয়ে যেন পাচ্ছেন ছন্দে ফেরার সুযোগ।
দলে ফিরতে প্রত্যয়ী ডানহাতি পেসার তাসকিন আহমেদ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে গিয়ে পেয়ছেন চোট। ইতোমধ্যেই দেশে ফিরেছেন তিনি। এছাড়া ওয়ানডে স্কোয়াডের কাজী নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানও ফিরে এসেছেন।
বোলিং আক্রমণে থাকবেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া রয়েছেন স্পিনার নাঈম হাসান ও সানজামুল ইসলাম। তাদের মধ্যে একজনকে দেখা যেতে পারে একাদশে।
১৫ আগস্ট দ্বিতীয় এবং ১৭ আগস্ট তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে ডাবলিনে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
ওয়ানডে সিরিজে হয়েছে সমানে-সমানে লড়াই। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। এবার টি-টোয়েন্টি সিরিজের পালা।
বাংলাদেশ ‘এ’ দলঃ সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ফজলে রাব্বি, মুমিনুল হক সৌরভ, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, শরিফ উদ্দিন, মিজানুর রহমান।
টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১৩ আগস্ট ২০১৮- প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- বাংলাদেশ সময় রাত ৯ টায়।
১৫ আগস্ট ২০১৮- দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- বাংলাদেশ সময় রাত ৯ টায়।
১৭ আগস্ট ২০১৮- তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ-বাংলাদেশ সময় রাত ৯ টায়।
The post এবার সৌম্যদের টি-টোয়েন্টি মিশন appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2KMhlrF